অসুস্থ হয়ে হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদী

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হওয়ায় কাশিমপুর কারাগার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। 

রোববার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে কাশিমপুর কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। 

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে দেলাওয়ার হোসাইন সাঈদীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে।হাসপাতালে আনার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করা হয়েছে। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদীকে হাসপাতালে আনা হয়। এ সময় তার বুকে ব্যথা হচ্ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য সাড়ে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে জরুরি ঢাকায় পাঠানো হয়।