কক্সবাজার বাস টার্মিনাল থেকে ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্ত এক পাচারকালীকে আটক করে পুলিশ।
বাস টার্মিনালের শ্যামলী পরিবহণ কাউন্টার থেকে রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৫ শিশু, ১০ নারী ও আট জন পুরুষ রয়েছে। এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
আটক জয়নাল (২৮) উখিয়ার বালুখালীর বাসিন্দা সেলিমের ছেলে। তিনি পুরাতন রোহিঙ্গা বলে ভাষ্য পুলিশের।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম জানান, কক্সবাজার বাস টার্মিনাল শ্যামলী কাউন্টার সামনে পাচারের জন্য কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে। এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন দালাল পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।
আটক জয়নালের বরাত পুলিশ কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার জনৈক ফয়সাল নামে এক ব্যক্তির কথা মতো রোহিঙ্গাদের নিয়ে এসেছেন তিনি।
কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংশ্লিষ্টদের মাধ্যমে ক্যাম্পে পাঠানোসহ দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।