মেটা এবং ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী এবং আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান ইলন মাস্কের ‘কেজ ফাইট’ বা ‘মল্লযুদ্ধে’র খবর নিয়ে সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। জাকারবার্গ মল্লযুদ্ধের প্রস্তাবও দিয়েছিলেন মাস্ককে। তবে সেটিকে মাস্ক পাত্তা দেননি বলে অভিযোগ করেছে মেটা প্রধান।
মার্ক জাকারবার্গ বলেছিলেন, ইলন মাস্কের সঙ্গে প্রস্তাবিত ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধ লড়ার জন্য তিনি অধীর হয়ে আছেন।
‘কেজ ফাইট’ এক ধরণের মিক্সড মার্শাল আর্টের প্রতিযোগিতা। এটি মূলত দুইজন খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত হয়, যারা একটি অ্যালুমিনিয়াম বা ধাতব তারের তৈরি খাঁচার মধ্যে একটি নির্দিষ্ট সময় লড়াই করেন।
প্রাচীন রোমান সাম্রাজ্যের আবহে তাদের এই যুদ্ধ ইতালিতে অনুষ্ঠিত হতে পারে বলে শোনা গিয়েছিল।
মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যমে থ্রেডস দেওয়া এক পোস্টে জাকারবার্গ বলেছেন, ২৬শে অগাস্ট ওই লড়াই আয়োজনের জন্য তিনি প্রস্তাব করেছিলেন। অন্যদিকে ‘এক্স’ যা আগে টুইটার নামে পরিচিত ছিল, সেখানে দেয়া পোস্টে ইলন মাস্ক দাবি বলেন, তিনি লড়াইয়ের সারাদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছেন।
তবে জাকারবার্গ বলেন লড়াইয়ের বিষয়ে মোটেও সিরিয়াস নন মাস্ক। তারিখের বিষয়ে তিনি অজুহাত দিয়ে এড়িয়ে গেছেন। কিন্তু রোববার মাস্ক এক্সে করা এক পোস্টে বলেছিলেন সোমবার তিনি লড়াই করতে ইচ্ছুক।
টুইটারের আদলে মেটা মালিকানাধীন থ্রেডস বাজারে আসার পরই মাস্ক এবং জাকারবার্গের মধ্যে এই নিয়ে অনলাইন যুদ্ধ শুরু হয়। এরপরই দুজনে মল্ল যুদ্ধের প্রস্তাব করেন। এমনকি প্রতিক্রিয়ায় মেটা প্রধানকে মুরগি বলেও সম্বোধন করেন ইলন মাস্ক।