৪ সেপ্টেম্বর আমস্টারডামে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ’ শো

আগামী ৪ সেপ্টেম্বর নেদার‌ল্যান্ডসের আমস্টারডামে বাংলাদেশের নানাবিদ পণ্য এবং এর সম্ভাবনা নিয়ে ‘বেস্ট অব বাংলাদেশ’ নামে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুইদিনব্যাপী চলবে এই প্রদর্শনীটি।

প্রদর্শনীর উদ্দেশ্য হলো বাংলাদেশে উৎপাদিত পণ্যের বৈচিত্র্যময় পরিসর উপস্থাপন, দেশের অর্থনীতির বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি ও সম্ভাবনার ওপর আলোকপাত এবং উৎপাদনের ওপর বিশেষ ফোকাস করা। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করছে।

প্রদর্শনীতে বাংলাদেশের প্রায় ৪০টি কোম্পানি উপস্থিত থাকবে যারা পোশাক, বস্ত্র, কৃষি, হস্তশিল্প, ভোগ্যপণ্য, ডিজিটাল প্রযুক্তি এবং প্রকাশনার মতো গুরুত্বপূর্ণ শিল্পের প্রতিনিধিত্ব করবে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানটির আলোচ্যসূচিতে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, প্রদর্শনী, নেটওয়ার্কিং সুযোগ, প্যানেল আলোচনা, ডেনিম ওয়াকওয়ে ও পরিদর্শন।

আয়েজনটির মাধ্যমে বাংলাদেশকে একটি উদীয়মান অর্থনৈতিক হাব হিসেবে বিশ্ব মঞ্চে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চান আয়োজকরা।