সাঈদীর জানাজা বায়তুল মোকাররমে করতে চায় জামায়াত

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে করতে চায় জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এই বিষয়টি জানান।

জানা গেছে, উপস্থিত লোকজনের দাবি ছিল যে আজই বায়তুল মোকাররমে মাওলানা সাঈদীর জানাজা হবে। কিন্তু কর্তৃপক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি। তাই সাঈদীর লাশ পিরোজপুরে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) তার জানাজার নামাজ হবে। 

এর আগে, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, ‘উনার দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’

এর আগে রবিবার (১৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদী। এদিন বিকাল ৫টার দিকে কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউ-তে পাঠানো হয়।