পুলিশ পাহারায় পিরোজপুরে পথে সাঈদীর লাশ

পুলিশ পাহারায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ পিরোজপুরে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে সাঈদীর লাশবাহী ফ্রিজিং গাড়িটি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় শাহবাগে বিক্ষোভরত জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জামায়াতের বেশকিছু নেতা-কর্মী আহত হন। পরে সাঈদীর লাশবাহী গাড়ি  পিরোজপুরের পথে রওয়ানা হয়।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে ১১টার পর থেকে শাহবাগ এলাকায় জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা জড়ো হন। শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক শেরাটন হোটেল) মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা।

ঢাকায় জানাজার দাবিতে সারারাত লাশ নিয়ে যেতে দেননি তারা। মঙ্গলবার ভোরে পুলিশ কঠোর অবস্থানে গেলে দলটির নেতাকর্মীরা হাসপাতাল ও শাহবাগ এলাকা ত্যাগ করে চলে যায়। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সটি পুলিশের কড়া পাহারায় গ্রামের বাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়।