১৫ দিন পর ফের চালু হলো রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র

কয়লা সংকটে বন্ধের ১৬ দিনের মাথায় ফের চালু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টা থেকে এই কেন্দ্রটিতে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি  (প্রাইভেট) (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাক (ডিজিএম) মো. আনোয়ার উল আজিম জানান, সোমবার (১৪আগস্ট) বিকেল ৩টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের। বিকেল থেকে উৎপাদন হচ্ছে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদিত এ বিদ্যুৎ ইতোমধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

তিনি জানান, চলতি মাসেই ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আরও দুইটি জাহাজ মোংলা বন্দরে আসার সিডিউল রয়েছে।

রোববার (১৩ আগস্ট) ৩১ হাজার ৭শ মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস হতে কয়লা খালাস, পরিবহণ ও সংরক্ষণের কাজ চলে। কয়লা আসার সঙ্গে সঙ্গেই ফের চালু হয়েছে এ বিদ্যুৎ কেন্দ্রটি।

বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম মো.আনোয়ার উল আজিম  জানান, গত বছর ১৭ ডিসেম্বর উৎপাদন যায় রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০মেগাওয়াটের প্রথম ইউনিট। প্রথম ইউনিট চালু হওয়ার পর সাত মাসের সাত বার বন্ধ হয়ে যায় এ কেন্দ্রটি। এর মধ্যে চার বার বন্ধ হয় যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজে, আর কয়লা সংকটে বন্ধ হয় তিন বার। অপরদিকে ৬৬০মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট আগামী সেপ্টেম্বরে চালু সম্ভাবনা রয়েছে।