বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার সময়ও ষড়যন্ত্র হয়েছিল। আজকে যারা বিদেশিরা এদেশে ঘোরাঘুরি করে। বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এটা নতুন কিছু নয়। বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪-৭৫ সালেও এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। যার কারণে আমাদের খাদ্য (গম) জাহাজকে বাংলাদেশের মাটিতে আসতে দেয়া হয়নি। বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল যেন বঙ্গবন্ধুকে হত্যা করার একটি পথ তৈরি করা যায়। এখনও সেই একই জিনিস হচ্ছে। এখনো আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের দেশে আসতে দেখছি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, বিদেশিরা পাকিস্তানে যাচ্ছে না। পাকিস্তানে কোন গণতন্ত্র নেই, কোন নির্বাচন নেই। যে কোন প্রধানমন্ত্রীকে যেকোনো সময় সরে যেতে হচ্ছে। সেখানে গণতন্ত্রের জন্য যাওয়া হচ্ছে না। আজকে ১০ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছে। ওই বিদেশিরা মায়ানমার যাচ্ছে না। তাদেরকে বলছে না তোমরা সুস্থ নির্বাচন করো, তোমাদের লোকজন ফিরিয়ে দেশে আনো, দেশে শান্তি আনো, তোমাদের প্রধানমন্ত্রীকে জেল থেকে মুক্তি দাও। সেই কথা কেউ বলছে না। বলে শুধু আমাদের দেশে এসে। আমাদেরকে জ্ঞান দেয়া হচ্ছে কারণ বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে। একটি ছোট জাতি, একটি ছোট দেশ, বেশি জনসংখ্যার দেশ শেখ হাসিনা কিভাবে এই দেশকে উন্নত করছে। এই যে একটি চমক এটা তারা বুঝতে পারছে । এই জন্য তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তাই আমাদেরকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে। প্রধানমন্ত্রী যদি জীবিত থাকে, সুস্থ থাকে, আবার যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলেই আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আর আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে যেতে পারবো।
অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।