পেট্রলের দাম বাড়ালেন পাকিস্তানের নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পরপরই পেট্রলের রেকর্ড পরিমাণ দাম বাড়িয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। লিটার প্রতি ২০ রুপি করে বেড়েছে এই জ্বালানির দাম। ফলে দেশটির মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সোমবার (১৪ আগস্ট) শপথ নেওয়া তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের অনুমোদন পেয়ে গভীর রাতে অর্থ মন্ত্রণালয় সংশোধিত এই মূল্য ঘোষণা করে।

বুধবার ডনের এক প্রতিবেদনে বলা হয়, গত দুই মাস মূল্যস্ফীতি কিছুটা স্থিতিশীল ছিল। তবে আজ (বুধবার) থেকে নতুন দাম অনুযায়ী প্রতি লিটার পেট্রল কিনতে হলে পাকিস্তানিদের খরচ করতে হবে ২৯০ দশমিক ৪৫ রুপি। অপরদিকে হাইস্পিড ডিজেলের দাম লিটার প্রতি ২০ রুপির বেশি বেড়ে দাঁড়িয়েছে ২৯৩ দশমিক ৪০ রুপি।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানে জ্বালানির দাম এভাবে রাতারাতি বেড়েছে। তবে কেরোসিন এবং হালকা ডিজেলের মূল্য অপরিবর্তিত আছে।

এছাড়া, জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব অর্থনৈতিকভাবে সব ক্ষেত্রেই টের পাওয়া যাবে বলে ধারণা করছে দেশটির অর্থ মন্ত্রণালয়। কারণ ভারী পরিবহন যান, ট্রেন, কৃষিকাজের যন্ত্র, ট্রাক, বাস, ট্রাক্টর টিউব ওয়েল এবং থ্রেসারে এই জ্বালানি ব্যবহার করা হয়। দাম বাড়ার কারণে এখন সবজি এবং অন্যান্য ভোজ্য পণ্যের দামও বেড়ে যাবে।

উল্লেখ্য, বিদায়ী শাহবাজ শরিফ সরকার মাত্র ১৫ দিন আগে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশে জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৪০ রুপি বেড়ে গেছে।