দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১৪৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩৪ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৩১৫ জন। চলতি বছরে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯২ হাজার ২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫ হাজার ২৩০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৯৪ জন।
এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরের ৪১ হাজার ৫২৫ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।