পাবনার ঈশ্বরদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে শিক্ষক সমিতির কোষাধ্যক্ষসহ জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন বাংলাদেশ শিক্ষক সমিতির ঈশ্বরদী শাখার কোষাধ্যক্ষ, নারিচা স্কুলের শিক্ষক পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের ইয়াসির আরাফাত সুজন আলী, সাহপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার জামায়াত নেতা মাওলানা ফরিদ আহমেদ, মুলাডুলি ইউনিয়নের ডা. মজিবার রহমান, আল মামুন, পাকশী ইউনিয়নের শাহান আলী, সলিমপুর ইউনিয়নের মজিদ পাঠান, আজিক পাঠন, আব্দুল বাতেন, দাশুড়িয়া ইউনিয়নের হাফেজ ইমতিয়াজ, গোলাম মোস্তফা ও শামীম আহমেদ।
জামায়াত ইসলামের ঈশ্বরদী শাখার আমির মাওলানা গোলাম রব্বানি খান জোবায়ের বলেন, তাদের অনেকেই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারা ঈশ্বরদীর মিরকামারি স্কুলমাঠে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর গায়েবানা জানাযায় অংশগ্রহণ করেছিলেন। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী ঈশ্বরদী থানার এসআই কামরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে ঈশ্বরদীর মিরকামারি বিদ্যালয়ে তারা নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য, লিফলেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।