ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের ফয়সালাবাদের জারানওয়ালা তেহসিলে বিক্ষুব্ধ জনতা একাধিক গির্জায় ভাংচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে। পরিস্থিতি সামলাতে প্যারা মিলিটারি রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় খ্রিস্টান নেতা আকমল ভাট্টি বলেন, অন্তত পাঁচটি গির্জা জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেইসব খ্রিস্টানদের বাড়িতে লুটপাট চালানো হয়। মসজিদ থেকে ইমামরা জনতাদের উস্কানি দেওয়ার পর এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গির্জা থেকে ধোয়া উড়ছে এবং ফার্নিচারে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় একটি সরকারি কার্যালয় ও খ্রিস্টানদের একটি সমাধিস্থলও পুড়িয়ে দেওয়া হয়েছে।
ধর্ম অবমাননার অভিযোগে একজন খ্রিস্টান পরিচ্ছন্ন কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়েছে। এ নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
পরবর্তী সময়ে রাতে পাঞ্জাব সরকার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।