সাত মাসে ২৯২ শিশু হত্যা

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ২৯২ জন শিশুকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। দেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চলতি বছরের জানুয়ারি-জুলাই এই সাত মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

বুধবার আসক লিখিতভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। ৯টি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ এবং এর নিজস্ব উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় এই প্রতিবেদন।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর প্রথম সাত মাসে ৬১৮ জন শিশু সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে ১৯৪টি ধর্ষণের ঘটনা। এ সময়ে ৩৫৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৫ জনকে।

আসক জানায়, এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ২৯৯ জন নারী। এর মধ্যে ১৩৪ জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন।