দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সা কোচ জাভি

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে গেতাফের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন বার্সেলোনার কোচ জাভি। আর তাই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। লিগ কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। 

রোববার গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে টাচলাইনে অশোভন আচরণের দায়ে জাভিকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচটির প্রথমার্ধে বার্সেলোনা উইঙ্গার রাফিনহাও কনুই দিয়ে আঘাতের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন। ম্যাচ শেষের ২০ মিনিট আগে রেফারিংয়ের একটি সিদ্ধান্ত নিয়ে চতুর্থ অফিসিয়ালের সঙ্গে অশোভন আচরণ করে ডাগ আউট ছাড়েন জাভি। 

রেফারি সিজার সোটো গ্রাডো তার রিপোর্টে জানিয়েছেন এর আগেও তিনি জাভিকে সতর্ক করেছিলেন। কিন্তু তারপরও একই ধরনের আচরণ বারবার করে যাচ্ছিলেন জাভি। লাল কার্ডের কারণে জাভি ও রাফিনহা ২০ আগস্ট কাডিজের বিরুদ্ধে ও ২৭ আগস্ট ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচ দুটিতে মাঠে থাকতে পারবেন না।