এএফসি কাপ বাছাই

আবাহনীর প্রতিপক্ষ মোহন বাগান

আবাহনীর ফুটবল দলের খেলোয়াড়রা সিলেটে বসেই জেনে গেলেন বসুন্ধরা কিংস তাদের প্রথম ম্যাচে হেরে এএফসি চাম্পিয়ন লিগের বাছাই হতে বিদায় নিয়েছে। যেভাবে গর্জে উঠেছিল কিংস, সেভাবে নিজেদের দেখাতে পারেনি। মঙ্গলবার রাতে দুবাইয়ের শারজায় মাঠের লড়াইয়ে শারজাহ এফসির বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশের লিগে চার বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অপেক্ষায় ছিল এএফসি কাপের বাছাইয়ের প্রথম পর্বে আবাহনী কি করে। আবাহনী জয় পেয়েছে। গতকাল বিকালে সিলেটের মাঠে এএফসি কাপের বাছাইয়ে আবাহনী ২-১ গোলে হারিয়েছে মালদ্বীপের ক্লাব ঈগলসকে। আগামী ২২ আগস্ট আবাহনীর প্রতিপক্ষ কলকাতার মোহন বাগান। গতকাল মোহন বাগান ৩-১ গোলে নেপালের মাজিয়া এফসিকে হারায়।

কিংস চ্যাম্পিয়নস লিগের বাছাই হতে বিদায় নিয়ে এএফসি কাপে খেলার সুযোগ পাবে। আবাহনীর মতো বাছাই খেলতে হবে না।

বাছাই টপকে গ্রুপ পর্বে ঢুকতে হলে আবাহনীকে ২২ আগস্টের ম্যাচে জিততে হবে। চ্যাম্পিয়ন লিগের নিচের স্তর হচ্ছে এএফসি কাপ। বসুন্ধরা ভালো জায়গায় সুযোগ পেয়েও হেরে নিচে নেমে গেছে।

সিলেটের মাঠে ঈগলসের বিপক্ষে কঠিন লড়াই করে ম্যাচ জিতেছে আবাহনী। গোল হজম করে পিছিয়ে যাওয়া ক্লাব ঈগলস গোল শোধ করে খেলায় ফিরলেও শেষ মুহূর্তে আবাহনী দ্বিতীয় গোল করে ম্যাচ জিতে নেয়।  ধার কর্জ করে হাফ ডজন বিদেশি ফুটবলার নিয়ে প্রথম ম্যাচটায় লড়াইয়ে নেমেছিল আবাহনী। হাফ ডজন বিদেশী খেলোয়াড় খেলিয়েও জয় পেতে ঘাম ছুটে যায়। বিদেশি ফুটবলারদের অক্লান্ত পরিশ্রম আবাহনীকে শেষ বাঁশির আগে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। আরেকটি ম্যাচ এনে দিয়েছে। ধার করা বিদেশি ফুটবলার জয় এনে দিয়েছেন। ক্যারিবিয়ান ফুটবলার শেখ জামালের স্টুয়ার্ট কার্নেলিয়াস এবং ফর্টিসের ব্রাজিলিয়ান ড্যানিলো অগাস্তো গোল করেন।

সিলেটে প্রায় দুই সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। থেমে থেমে হলেও বৃষ্টির কারণে স্টেডিয়ামের মাঠ কাদা হয়ে গেছে। গতকাল কিছুটা রোদ ওঠায় স্বস্তি ছিল। মাঠ একটু শুকিয়েছিল। আশঙ্কা ছিল খেলার সময় বৃষ্টি হতেও পারে। ভাগ্য ভালো সেটি হয়নি।

আবাহনীও খেলার প্রথমভাগে গোল আদায় করে নেয়। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্যারিবিয়ান ফুটবলার স্টুয়ার্ট কার্নেলিয়াস আগের দিন বলেছিলেন তিনি গোল করতে চান। লিগের এই ফুটবলার ১১ গোল করেছেন। গোলের মধ্যে থাকা স্টুয়ার্ট গতকাল খেলার ২১ মিনিটে গোল করে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন, ১-০। ধার করে আনা ফুটবলার পয়সা উসুল করে দিয়েছে। ৬৩ মিনিটে সেটপিস থেকে ভেসে আসা বলে মাথা লাগিয়ে গোল শোধ করেন মালদ্বীপের ক্লাব ঈগলসের অধিনায়ক রিজুভান আহমেদ, ১-১। এরপরও আবাহনী দুই বার সুযোগ পেয়েও গোল লাইন পার করতে পারেনি।

৮৯ মিনিটে কর্নারের বলে মাথা লাগিয়ে জয় এনে দিলেন ড্যানিলো অগাস্তো, ২-১।