এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রে ৩৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলার সরকারি সোহরাওয়ার্দী কলেজে এক জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার বিকালে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ৬২ জন, বরগুনায় ৩২ জন, পটুয়াখালীতে ৮০ জন, পিরোজপুরে ৩২ জন, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ১৩০ জন। এর ফলে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ৬৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হছে বলে জানান তিনি।

বোর্ড সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।