যশোরের ঝিকরগাছার বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় পুরানো গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা বাসযাত্রী।
নিহতরা হলেন যশোরের উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মো. সালাউদ্দিন (৪৫), পেশায় ডায়নামো (জেনারেটর) মিস্ত্রি ও বেনাপোলের বড়আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।
স্থানীয়দের বরাতে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পুরানো কড়ই গাছে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে গাছের ওপরের অংশের ডাল ভেঙে বাসের ছাদের ওপর পড়ে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিস টিম কাজে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি সমুন ভক্ত।