সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে আয়োজিত গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর দয়াগঞ্জ ও এর আশপাশের সড়কে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। শুক্রবার (১৮ আগস্ট) বিকাল তিনটা থেকে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিছিলটি দয়াগঞ্জে তিন রাস্তার মোড় থেকে শুরু হয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে এই মিছিল শেষ হওয়ার কথা রয়েছে।
এই গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরীও এই কর্মসূচিতে অংশ নেবেন।
এই কর্মসূচিকে কেন্দ্র করে দয়াগঞ্জে তিন রাস্তার মোড়ে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।