চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য নাজমা আক্তারের স্বামী মো. নুর উদ্দিনের বিরুদ্ধে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস হিরা।
অভিযোগে জানা গেছে, অভিযুক্ত নুর উদ্দিন গুচ্ছ গ্রামে সরকারি উপহারের ঘর দেওয়ার প্রলোভনে তার স্ত্রী মহিলা ইউপি সদস্য নাজমা আক্তারের নাম ভাঙিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ৬০ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার তিনমাস পার হয়ে গেলেও ঘর না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তের কাছ থেকে টাকাগুলো ফেরত চাইলে তিনি তা এখন পর্যন্ত দেয়নি।
ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস হিরা বলেন, এক দুম্পর্কের আত্মীয়ের মাধ্যমে নুর উদ্দিনের সঙ্গে পরিচয় হয় তাদের। পরবর্তীতে ঘর পাইয়ে দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নেয়৷ আমি টাকাগুলো কিস্তি নিয়ে দিয়েছি। আমি ছাড়াও আমার শাশুড়ী ও নোনাস কাছ থেকেও টাকা নিছেন তিনি।
অভিযোগের বিষয়ট অস্বীকার করে অভিযুক্ত মো. নুর উদ্দিন বলেন, এই বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে আমি শুনেছি কেউ একজন তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা নিছে এবং সেগুলো দিয়ে দিবে বলছে। এই বিষয়ে আমি আর কিছু জানি না।
নাম ভাঙিয়ে টাকা নেওয়ার বিষয়ে মহিলা ইউপি সদস্য নাজমা আক্তার জানান, এবিষয়ে আমি কিছু জানি না। তবে কিছুদিন আগে একটা মেয়ে ফোন করে এই বিষয়ে জানিয়ে ছিল। আমি মেয়েটির কাছে প্রমাণ চেয়েছিলাম। আমার মনে হয় কেউ আমাদের সঙ্গে শত্রুতা পোষণ করে এসব করতেছে।
অভিযোগের বিষয়ে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমি ইউএনওর কাছে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।