বরগুনার ঘটখালী এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পর্যটকবাহী পিকনিকের বাস উল্টে ধান ক্ষেতে পড়ে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
নিহত মোহাম্মদ ইসলাম (৫২) নারায়নগঞ্জ বন্দর থানা সংলগ্ন স্বপ্নের চর গ্রামের একজন ব্যবসায়ী ।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, ঢাকার নারায়ণগঞ্জে থেকে পরিবার-পরিজন নিয়ে পিকনিক করতে বৃহস্পতিবার রাতে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয় পর্যটকদের একটি দল। তাদের বহনকারী সেন্টমার্টিন পরিবহনের বাসটি আমতলী উপজেলার ঘটখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে ৪৫ জন আরোহীর মধ্যে ২০ জন গুরুতর আহত হন।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর বেশ কয়েকজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। এ সময় গুরুতর আহত ইসমাইলকে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইরাম হোসেন বলেন, গুরুতর আহত ১৮ জনকে চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।