শক্তিশালী হ্যারিকেন হিলারি ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। ক্যাটাগরি-৪ হ্যারিকেন হিলারির প্রভাবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যসহ দক্ষিণাঞ্চলে একদিনে এক বছরের মতো বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারি বর্ষণে আক্রান্ত অঞ্চলগুলোতে বন্যা দেখা দিতে পারে। আশঙ্কা করা হচ্ছে, রোববার অথবা সোমবার হ্যারিকেনটির প্রভাবে বৃষ্টিপাত শুরু হতে পারে।
আবহাওয়া বার্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (১৮ আগস্ট) মেক্সিকোর কাবো সান লুকাস থেকে ৩২৫ মাইল দূরে অবস্থান করছিল শক্তিশালী এই হ্যারিকেন। সে সময় ঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ মাইল। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৮৪ বছরের মধ্যে এই প্রথম বিরল গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানতে পারে।
ঝড়টি বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যবর্তী সময়ে ব্যাপক শক্তি অর্জন করে ফেলেছে যার কারণে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় থেকে ক্যাটাগরি-৪ হ্যারিকেনেরূপ নিতে পেরেছে। হ্যারিকেনটি বর্তমানে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।
অন্যদিকে আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, হ্যারিকেনের প্রভাবে বন্যা, ভূমিধস এবং বিভিন্ন জায়গায় টর্নেডো হওয়ার সম্ভাবনা আছে। ঝড়টি মূলত মেক্সিকোতে আঘাত হানবে। এরপর এটি ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে যাবে। তবে এটি যদি ক্যালিফোর্নিয়াতেও ঝড় হিসেবে আঘাত হানে, তাহলে ৮৪ বছরের মধ্যে এটিই হবে সেখানে আঘাত হানা প্রথম সামুদ্রিক ঝড়। কারণ ১৯৩৯ সালের পর সেখানে আর কোনো ঝড় দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার বিস্তৃত এলাকায় সতর্কতা জারি করেছে। তারা বলেছে, অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি এই ঝড়ের প্রভাবে মানুষের প্রাণহানিও হতে পারে।