অসংখ্য কুমিরের মধ্য দিয়ে ছুটে চলছে একটি নৌকা

শত শত কুমিরের মধ্য দিয়ে চলছে একটি ছোট নৌকা। দেখলেই ভয়ে গা ছমছম করে ওঠে। এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়া ডট কম সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। 

ঘটনাটি আসলে কবে বা কোথায় ঘটেছে তা প্রকাশ না পেলেও ভিডিও যারা শেয়ার করছেন, তাদের অনেকেই পরিচিত। গত বুধবার (১৬ আগস্ট) সিসিটিভি নামের একটি টুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া ফেলে দেয় ভিডিওটি এবং  বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ পেতে থাকে।

প্রতিবেদনে বলা হয়, ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় যে ইঞ্জিনচালিত ছোট্ট একটি স্টিলের নৌকা দ্রুতগতিতে এগিয়ে চলছে। আর এর আওয়াজে শত শত কুমির পানি ছেড়ে তীরের দিকে ছুটে যাচ্ছে।

যে কেউ এই ভিডিওটি দেখলে ভয় পাবে। কারণ, হিংস্র এ প্রাণীর শক্তিমত্তার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে যে কারও। কুমিরের চোয়াল খুব শক্তিশালী। এর তীক্ষ্ণ দাঁত তাৎক্ষণিক ভাবে শিকারকে কাবু করে দেয়। পেছন থেকে লেজ পর্যন্ত কুমিরের খসখসে স্পাইকি বাহ্যিক দিকটিও অনেকের কাছে খুব ভয়ঙ্কর।

এছাড়া, ওই ভিডিওটি শেয়ার করে অনেকে জানতে চেয়েছে, নৌকায় থাকা ওই ব্যক্তি বা ব্যক্তিরা কি আদৌ জীবিত অবস্থায় ফিরতে পেরেছেন? নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে? যদি বেঁচে ফিরেও থাকেন, তাহলে কোথায় ও কেমন আছেন তারা? আর নদীটি কোথায় অবস্থিত?