তরুণীকে নির্যাতনের অভিযোগ: ৭ দিনের রিমান্ডে যুব মহিলা লীগের নেত্রী 

সাভারে তরুণীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ তাবাসসুম মিশুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২০ আগস্ট) দুপুরে আদালত এ আদেশ দেন।

এর আগে শনিবার সকালে তাকে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে রাতেই তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করার পরে ওই মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে মেহনাজ মিশুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আগামী ২৩ আগস্ট রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 

এর আগে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলা, নির্যাতনসহ নানা বিষয় উল্লেখ করে সাভার মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর মা কল্পনা বেগম। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার নিজ বাসা থেকে মেহনাজ মিশুকে গ্রেপ্তার করা হয়।