‘অনলাইনে নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে’ বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত কোনো ফেসবুক গ্রুপ নেই।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সাঈদা খানমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক গ্রুপ বা ইউজার নেই। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, আলোচ্য প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা বা তছরুপের সম্মুখীন হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না।’