ইরাকের রাজধানী ও ঐতিহাসিক শহর বাগদাদের একটি বিজ্ঞাপনী পর্দায় হঠাৎ করেই ভেসে উঠলো পর্ন ছবির দৃশ্য। একটি হ্যাকার গ্রুপ এই কাজ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ঘটনার পর দেশটির কর্মকর্তারা বাগদাদে সমস্ত ইলেকট্রনিক বিজ্ঞাপনের পর্দা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে বাগদাদের প্রধান সড়কের মোড়ে। এর ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন একজন প্রযুক্তিবিদ। বিজ্ঞাপনদাতা কোম্পানির সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে সমস্যা ছিল। তিনি প্রতিশোধ নিতে এ কাজ করেছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবার হ্যাকাররা বেশ কয়েক মিনিটের জন্য একটি পর্নোগ্রাফিক ফিল্ম দেখিয়েছিল। ঘটনা নজরে আসার পর আমরা পাওয়ার কেবল বিচ্ছিন্ন করে দেই।
ওই কর্মকর্তা আরও বলেন, এমন অনৈতিক দৃশ্য প্রচারের পর আমরা বাগদাদের সকল বিজ্ঞাপনী পর্দা বন্ধ করে দিয়েছি।