বিচারপতির খণ্ডিত বক্তব্যে নিয়ে কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: অ্যাটর্নি জেনারেল

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আপিল বিভাগের এক বিচারপতির বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। 

সোমবার (২১ আগস্ট) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা বিচারপতির বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে প্রতিবাদ করছেন তারা সাধারণ মানুষ নন, সুপ্রিম কোর্টের আইনজীবী। উনারা বিচারপতির পুরো বক্তব্য না শুনেই আদালতের পরিবেশকে বিনষ্ট করতেই বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে সভা করে এ ধরনের কর্মসূচি পালন করছেন। যা অনুচিত।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টের বিচরপতিরা সংবিধানের রক্ষক। আইনের হেফাজতকারী। নানা সময়ে সামরিক ফরমানবলে সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে। সেইসব কাটাছেঁড়াকে বিশেষ করে সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এ কারণেই সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকারী। সেই হিসেবে আপিল বিভাগের বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা সঠিক। কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিপন্থীরা আদালতে রাজনীতি করার চেষ্টা করছেন। উনারা চাচ্ছেন না বিচার ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হোক। সাধারণ মানুষ বিচার পাক। উনাদের আন্দোলন বিচার বিভাগের প্রতি জনগণের যে আস্থা তাকে বিনষ্ট করার জন্য। উনারা (বিএনপিপন্থী আইনজীবী) আন্দোলন করছেন, আবার কোর্টে গিয়ে মামলা পরিচালনা করছেন। এটাকে আমরা কি বলব!