সাবান, গ্লিসারিন, গুঁড়া সাবান বা ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিনের মতো নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্যের দাম কমিয়েছে এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস) কোম্পানি স্কয়ার টয়লেট্রিজ।
কোম্পানিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পণ্যভেদে তারা সর্বনিম্ন ২ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন ওজন বা পরিমাপের ২৫ ধরনের প্যাকের দাম কমিয়েছেন তারা। গত ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে এ দাম কমানো হয়।
স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে জানানো হয়, মেরিল মিল্ক সোপ বারের ১৫০ গ্রামের প্যাকেটের দাম ১০ টাকা কমিয়ে ৭০ টাকা, ১০০ গ্রামের প্যাকেটের দাম ৫ টাকা কমিয়ে ৫৫ টাকা করা হয়েছে। এ ছাড়া ৭৫ গ্রামের প্যাকেও রয়েছে বিশেষ মূল্যছাড়। সাবান ছাড়া দাম কমানো হয়েছে গুঁড়া সাবান বা ওয়াশিং পাউডারেরও। চাকা সুপার হোয়াইটের এক হাজার গ্রামের প্যাকের দাম ২০ টাকা কমিয়ে ১৮০ টাকা, চাকা অ্যাডভান্সড ওয়াশিং পাউডারের এক হাজার গ্রামের প্যাকেটের দাম ১০ টাকা কমিয়ে ১৩৫ টাকা ও ২০০ গ্রামের প্যাকেটের দাম ২ টাকা কমিয়ে ২৮ টাকা করা হয়েছে। মেরিল গ্লিসারিনের ১২০ গ্রামের প্যাকেটের দাম ২৫ টাকা কমিয়ে ১১৫ টাকা ও ৬০ গ্রামের প্যাকেটের দাম ১৫ টাকা কমিয়ে ৬৫ টাকা করা হয়েছে।
এর বাইরে স্কয়ারের জনপ্রিয় সেনোরা ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন বেল্টের ১০টি প্যাডের প্যাকেটের দাম ২০ টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ৮০ টাকায়। আর সেপনিল হ্যান্ডওয়াশের ২০০ মিলিলিটারের প্যাকের দাম কমানো হয়েছে ১০ টাকা।
এ বিষয়ে স্কয়ার টয়লেট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মালিক মোহাম্মদ সাঈদ বলেন, ‘দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে আমরা আমাদের একটি দায়িত্ব বলে মনে করি। শুধু পণ্য উৎপাদন আর বিপণন নয়, ব্যবসার বাইরেও প্রত্যেক গ্রাহকের সঙ্গে আমাদের বহু বছরের একটি বিশ্বস্ত সম্পর্ক গড়ে উঠেছে। আর তাই বিশ্ববাজারে কিছু কিছু কাঁচামালের দাম কমার সঙ্গে সঙ্গে আমরাও বেশ কিছু পণ্যের দাম কমিয়েছি।