মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে সাদিয়া আক্তার (২২) নামে একজন আটক হয়েছে। এ ঘটনায় মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেসিয়া মুন্সীগঞ্জ পৌরসভার রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে ও আটক সাদিয়া একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, শহরের সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিয়া আক্তার হচ্ছেন মূল পরীক্ষার্থী। সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা হচ্ছিলো। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বোরকা পরিহিত এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার বোরকা খুলে দেখলে প্রবেশপত্রের ছবির সঙ্গে অমিল পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নাম সাদিয়া আক্তার। সে একজন ভুয়া পরীক্ষার্থী। আটক সাদিয়া আক্তারকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।
আটক সাদিয়া আক্তার বলেন, মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তার ও সে সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে তার অভিভাবকদের ডাকা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।