খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল হোসেন শেখ (৩২)। 

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ইকবাল হোসেন তার মাছের ঘের থেকে কাজ করে ফিরছিলেন। এ সময় জের আলী মোল্লার মাছের ঘেরে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ইকবাল বাড়িতে ফিরে না আসায় বড় ভাই মোদাচ্ছের শেখ ও তার স্ত্রী রুমা বেগম তাকে খুঁজতে যান। তখন মোদাচ্ছের শেখও বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে রুমা বেগম দৌড়ে গিয়ে বিদ্যুতের মেইন সুইচ অফ করেন।

পরে এলাকাবাসী মোদাচ্ছের শেখ ও ইকবাল হোসেন শেখকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগকারী জের আলীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।