কুষ্টিয়ায় ফ্ল্যাট থেকে নার্সিং ইন্সটিটিউটের ছাত্রীর লাশ উদ্ধার

কুষ্টিয়ায় একটি ফ্লাট থেকে নার্সিং ইন্সটিটিউটের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে শহরের মজমপুর এলাকার ফ্ল্যারেট তিন তলার একটি ইউনিট থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি (২২) সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের ওহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি বেসরকারি নার্সিং ইন্সটিটিউটের প্রথম বর্ষের ছাত্রী।

কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ছয় মাস আগে কুষ্টিয়া জর্জ কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান সুমন ফ্ল্যাটের তৃতীয় তলার একটি ইউনিট ভাড়া নেন ওই ছাত্রী। মঙ্গলবার বিকালের দিকে তুলি নদীর বাঁধে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ওই আইনজীবীর বাসায় আসেন। পরবর্তীতে রাতে তিনি ওই বাসার একটি কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এঘটনার পর পরই আইনজীবীর লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে ওই আইনজীবীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে অনেকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।