রাজধানীতে বহুতল ভবনে রাজউকের অভিযান

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এবং খিলগাঁও নাগদারপাড় এলাকায় অবৈধ ভবনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়েছে রাজউক।

বুধবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুরে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

এ সময় ডেমরা স্টাফ কোয়ার্টার ও খিলগাঁও নাগদারপাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ কয়েকটি ভবনে জরিমানা করে রাজউক।

ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, ডেমরা স্টাফ কোয়ার্টার ও খিলগাঁও নাগদারপাড় এলাকায় অবৈধ স্থাপনা কয়েকটি ভবনের অংশ ভেঙে ফেলা হয় এবং দুই লাখ টাকা জরিমানা করি। আমরা কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দিয়েছি যাতে তারা পরবর্তীতে রাজউকের নকশা নিয়ে ভবন নির্মাণ করেন।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার নগর পরিকল্পনাবিদ জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য, ইমারত পরিদর্শক নাজিম উদদীন, মারুফ হোসেন, ফিরোজ আলমসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।