মেয়রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের গালাগালির অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে সাংবাদিকদের গালাগালি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।  

বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব‍্যানারে এ মানববন্ধন হয়। 

এতে বক্তারা বলেন, ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে হাসিমুখে শ্রদ্ধা জানান মেয়র নজরুল ইসলাম মন্ডল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় সমকাল পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আজু শিকদারকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন মেয়র। একইসঙ্গে জেলার সকল সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এরই প্রতিবাদে ও মেয়রের শাস্তির দাবিতে জেলার সকল সাংবাদিকরা আজ রাস্তায় দাঁড়িয়েছে। 

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাংবাদিক লিটন চক্রবর্তী, জাহাঙ্গীর হোসেন, আজু শিকদার, এজাজ আহম্মেদ, শৌমিত্র শীল চন্দন প্রমুখ।