পরকীয়ার জেরে ছেলেকে হত্যা, মা’সহ দুই জনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের হাইমচরে পরকীয়ার জেরে ছেলেকে হত্যার দায়ে মাসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

নিহত মো. আরিফ হোসেন (২৫) উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের মিজানুর রহমান খানের ছেলে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের মা খুকি বেগম (৪৩) ও ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের গণি গাজীর ছেলে মো. জয়নাল গাজী (২৪)।

মামলা সূত্রে জানা গেছে, হত্যার শিকার আরিফ হোসেন তার মা খুকি বেগমের সঙ্গে আসামি জয়নাল গাজীর পরকীয়া সম্পর্কের কথা জানতেন। এই বিষয়ে মা-ছেলের সম্পর্কের অবনতি হয়। ২০১৫ সালের শুরুতে ছেলে আরিফ হোসেন প্রেমের সম্পর্কে উত্তর আলগী ইউনিয়নের আব্দুস সালাম মিজির মেয়ে আসমা আক্তারকে বিয়ে করেন। এরপর মা, ছেলে ও ছেলের বউয়ের বিভিন্ন বিষয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে মা খুকি বেগম ছেলেকে হত্যার পরিকল্পনা করে। 

এর অংশ হিসেবে ২০১৫ সালের ১৬ নভেম্বর ছেলের বউ আসমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন অভিযুক্ত মা খুকি বেগম। এরপর ১৮ নভেম্বর প্রেমিক জয়নাল গাজী ও তার সহযোগিদের দিয়ে আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, দা দিয়ে কুপিয়ে মৃত্যু হয়েছে মনে করে ঘরের মেঝেতে ফেলে চলে যায়। পরদিন ১৯ নভেম্বর সকালে খুকি বেগম আরিফের স্ত্রী আসমাকে ফোন করে জানায় ডাকাতরা আরিফকে জখম করে ফেলে গিয়েছে। তাৎক্ষণিক আসমা স্বামীর বাড়িতে ফিরে এসে স্বামী আরিফকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আরিফ মারা যান। এই ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী আসমা শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করে।