সিনেমা হলেই কাঁদলেন সুবর্ণা মুস্তাফা

মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ প্রেক্ষাগৃহে দেখা শেষে কেঁদে ফেলেন সুবর্ণা মুস্তাফা। হৃদি হক পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটি বুধবার (২৩ আগস্ট) রাজধানীর একটি প্রেক্ষাগৃহে দেখেছেন নন্দিত এ অভিনেত্রী।

তার সঙ্গে ছিলেন নির্মাতা বদরুল আনাম সৌদ। আরও ছিলেন অভিনেতা ফেরদৌস, সাজু খাদেম, হৃদি হকসহ অন্যরা।

ড. ইনামুল হকের গল্প ভাবনায় নির্মিত সিনেমাটি দেখা শেষে সুবর্ণা মুস্তাফার মত অনেক দর্শকই কেঁদেছেন। পরে প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে হৃদি হককে জড়িয়ে ধরে ফের কাঁদেন সুবর্ণা মুস্তাফা। এসময় দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন।

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘হৃদি অসাধারণ একটি সিনেমা বানিয়েছে। মুক্তিযুদ্ধকে গভীরভাবে তুলে ধরেছে। এখানে আবেগটা দুর্দান্তভাবে উঠে এসেছে। দর্শকদের সিনেমাটি কাঁদাবে, ভাবাবে ও মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে।’

হৃদি হক বলেন, ‘সুবর্ণা মুস্তাফার আবেগ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি অনেক খুশি।’

‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি গত ১৮ আগস্ট মুক্তি পেয়েছে।