ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে জিম্মি করে ১৯ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্লা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী হেলাল মোল্লার বাড়ি মহেড়া ইউনিয়নের গবড়া গ্রামে।
ভুক্তভোগী ব্যবসায়ী হেলাল মোল্লা বলেন, তার ভাই ইয়াকুব মোল্লা প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। ভাইয়ের নির্দেশে মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজ রোডের সোনালী ব্যাংক থেকে ১৯ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করে ব্যাগে করে মির্জাপুর বংশাই রোডের বাইপাস যান। সেখান থেকে টাঙ্গাইলগামী একটি বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসে নাটিয়াপাড়া যাওয়ার জন্য উঠেন। কুরনি এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার এসে বাসটির সামনে দাঁড়ায়। পরে র্যাবের পোশাক পরিহিত ৪-৫ জন লোক প্রাইভেটকার থেকে নেমে আটক করে।
এ সময় বাসের যাত্রীরা ভয়ে কেউ মুখ খুলেনি। অল্প কিছুদূর নিয়ে যাওয়ার পর তাকে চড়-থাপ্পড় দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মির্জাপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন।
সোনালী ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক উত্তম কুমার কর্মকার বলেন, মঙ্গলবার দুপুরে হেলাল মোল্লা নামে এক ব্যক্তি এই শাখা থেকে ১৯ লাখ টাকা উত্তোলন করেছেন। এই টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্লা নামক স্থান থেকে ছিনতাই হয়েছে বলে জানতে পেরেছি।
মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন বলেন, ব্যবসায়ীর অভিযোগের পর টাকা উদ্ধারের জন্য অভিযান চলছে।
এদিকে বুধবার বিকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার মোল্লা এবং টাঙ্গাইলের ডিবি পুলিশের একটি দল মির্জাপুর কলেজ রোডের সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করেছেন।