নজর কেড়েছেন তটিনী

অল্প সময়ে দর্শকের নজর কেড়েছেন সুহাসিনী তানজিম সাইয়ারা তটিনী। গল্পনির্ভর নাটকে তার অভিনয় মুগ্ধ করছে দর্শকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে যার প্রমাণ মিলছে নিয়মিতই। তটিনী বলেন, ‘দর্শক আমার কাজ পছন্দ করছে। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমি পরিশ্রমের ফল পাচ্ছি। পাশাপাশি ভাগ্যও ছিল। আমি কখনো ভাবতে পারিনি এত দ্রুত দর্শকের প্রশংসা পাব।’

বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পা রাখেন তটিনী। এরপর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’-এ তিনি অভিনয় করেন সাংবাদিক চরিত্রে। মাঝে কাজ করলেন এনটিভিতে ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’-এ। তবে, তটিনী আলোচনায় আসেন পিপলু আর খানের ‘এই মুহূর্তে’ অ্যান্থলজি ফিল্মে অভিনয় করে। এ ছবিতে তিনি কল্পনা চরিত্রে অভিনয় করেন।

366643049_332377192456821_1511396474988554019_n

তটিনী বলেন, ‘কাজটা ছিল স্বপ্নের মতো। সারা যাকের আপা ও জাহিদ হাসান আঙ্কেলের মতো অভিনয় শিল্পীদের সঙ্গে অভিনয় করেছি। তারা বুঝতেই দেননি আমি নতুন। সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।’

টেলিভিশন ও ওয়েব প্ল্যাটফর্মে কাজ করলেও সিনেমা নিয়ে এখনই কিছু ভাবছেন না এ সুহাসিনী। অভিনয় শেখার ইচ্ছে থাকলেও সময় বের করতে পারছেন না।

তিনি বলেন, ‘আমি এখনো পড়াশোনা করছি, তাই বড় প্রজেক্টে সময় দেওয়া সম্ভব নয়। প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনে অভিনয় শেখার ইচ্ছে ছিল। কিন্তু পড়াশোনার পাশাপাশি ওখানে যাওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। তাই কাজ করে অভিনয় শিখছি।’

Totini Actress642020cfcbcc6

অভিনয়ে তটিনীর কোনো আদর্শ নেই। তবে কয়েকজনের অভিনয়ে তিনি মুগ্ধ। তটিনী বলেন, ‘আমার কাছে জয়া আহসানকে ভীষণ ভালো লাগে। তার চেহারা ও অভিনয়ের ভক্ত আমি। তিনি বাংলাদেশকে তুলে ধরছেন বিদেশের মাটিতে, ব্যাপারটি আনন্দদায়ক। এ ছাড়া নুসরাত ইমরোজ তিশার অভিনয় ভালো লাগে। আফসানা মিমি, সুবর্ণা মুস্তাফারা ছিলেন স্নিগ্ধ। তাদের মতো হওয়া যাবে না, নিজের মতোই হতে হবে।’

তটিনী এরই মাঝে কাজ করেছেন অপূর্ব ও আফরান নিশোর মতো তারকার সাথে। তাদের পরবর্তী প্রজন্মের তৌসিফ মাহবুব, জোভান ও ইয়াশ রোহানও হয়েছেন তটিনীর পর্দাপ্রেমিক। সহশিল্পীদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তটিনী। গত দুই ঈদে তাকে দেখা গেছে দর্শকপ্রিয় নাটকে। সম্প্রতি আলোচিত তটিনীর নাটকগুলোর মধ্যে আছে রুবেল আনুশের ‘হঠাৎ বৃষ্টি’, রাকেশ বসুর ‘লাস্ট নাইট’, পথিক সাধনের ‘প্রণয়’ ইত্যাদি।