কলকাতায় দমদম বিমানবন্দরে যাওয়ার জন্য আবাহনীর ফুটবলাররা রুম থেকে বের হচ্ছিলেন। সবাই নিচে নেমে গেছে। অধিনায়ক শহিদুল আলম সোহেল ফোনে কথা বললেন ঢাকায়। ম্যাচ নিয়ে তার মনটা ভালো নেই। মোহন বাগানের বিপক্ষে গোল করে এগিয়ে যাওয়ার অ্যাডভান্টেজ নিতে না পারার দুঃখটা ভুলতে পারছেন না আবাহনীর অধিনায়ক। ‘আমরা টায়ার্ড ছিলাম। আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। কিছু কিছু ভুলের জন্য আমরা ম্যাচ হেরেছি—বললেন শহিদুল আলম সোহেল।
মোহন বাগান ১-০ গোলে পিছিয়ে থেকেও ৩ গোল করেছে। সোহেলের মতে এই তিন গোলই খুব একটা ভালো গোল না। সোহেল বললেন, ‘ওরা ভালো গোল করতে পারেনি।’ ভালো গোল মানে পরিকল্পনা করে গোলের ছক তৈরি করে গোল হয়েছে এটা ওরা বলতে পারবে না।’
মোহন বাগানের গোলের ব্যাখ্যা তুলে ধরলেন আবাহনীর অধিনায়ক, ‘সুশান্ত পেনাল্টি দিয়েছে। আমি ওকে বলেছিলাম বক্সে ট্যাকেল করিস না। পেনাল্টি থেকে গোল করে, ১-১ হয়।’ দ্বিতীয় গোল। সোহেল বললেন, ‘ক্রসের বল মিলাদ ক্লিয়ার করতে গেলে গোল হয়ে যায়।’ তৃতীয় গোল। মোহন বাগান শর্ট কর্নার পেয়েছিল ওরা। মুসা ব্লক করতে যাওয়ার আগেই গোল করে। আসলে মোহন বাগান পেনাল্টিটা পেয়েই ঘুরে দাঁড়িয়েছে।’ রেফারিং কেমন হয়েছে? সোহেল বললেন, ‘ওরা যে পেনাল্টিটা পেয়েছিল সেটা হয় না। বল গোলমাউথ ছিল না। থ্রো-এর দিকে যাচ্ছিল। বরং আমরা একটা পেনাল্টি পাই, বারে লেগে মোহন বাগান ডিফেন্ডারের হাতে লেগেছিল।’