মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলসড়া ইউনিয়নে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পদ্মায় বিলীন হয়ে গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত দুইটায় সময় চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পদ্মা নদীতে ধ্বসে যায়।
অপরদিকে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর এলাকায় ভাঙ্গনে ১২টি পরিবার নিঃস্ব। এ ছাড়া ১০০ মিটার ইটের রাস্তা পদ্মায় বিলীন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন জানান, আমাদের পদ্মা পাড়ের মানুষের দুঃখের শেষ নেই। ১২টি পরিবার আজ নিঃস্ব। মধ্যরাত পর্যন্ত পদ্মাপাড়ে ছিলাম। আমাদের চক্ষের সামনে রাত দুইটায় স্কুল ধ্বসে পড়েছে।
হরিরামপুর উপজেলা শিক্ষা অফিসার মাঈনুল হোসেন বলেন, সোমবার ওই বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাতে বিদ্যালয়ের আংশিক পদ্মায় ধ্বসে পড়েছে। বিদ্যালয়ের চেয়ার, টেবিল ও বেঞ্চসহ মালামাল সরানো হয়েছে।
ধূলশুড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাহেদ খান বলেন, মকুন্দিয়া স্কুল ধ্বসে গেছে। আবিধারা আর ইসলামের লোকজন ভালো নেই। বাড়িঘর অন্যত্র সরানো হচ্ছে। পদ্মা ভাঙন ঝুকিতে স্কুলসহ অর্ধশতাধিক বাড়িঘর।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) তাপসী রাবেয়া বলেন, স্কুলের আংশিক পদ্মায় ধ্বসে গেছে বলে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে আমি ভাঙন এলাকা পরিদর্শন করি। এ সময় এডিসি জেনারেল, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীও ছিলেন।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, আগের দিনের আকস্মিক ভাঙনে ঘড়বাড়ি বিলীন হয়। স্কুলের পিলারের মাটিও পদ্মায় পড়ে যায়। রাতে স্কুলটির ওই আংশিক ধ্বসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়িঘরগুলো রক্ষা করতে আমরা কাজ করছি।