আরও ২ দিন বৃষ্টি হতে পারে

আগামী আরও দুই দিন বৃষ্টিপাত থাকবে এবং এরপর থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ শুক্রবার (২৫ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ এবং আগামীকাল আরও দু’দিন বৃষ্টিপাত চলবে। তবে এরপর থেকে সারাদেশেই বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।

এছাড়া শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

rain

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সীতাকুন্ডে সর্বোচ্চ ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, বদলগাছী, তেঁতুলিয়া, চট্টগ্রাম, সন্দ্বীপ, চাঁদপুর, নেত্রকোনা, টেকনাফ, সাতক্ষীরা, যশোর, কুমারখালী, খেপুপাড়া ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অনেক বৃষ্টিপাত হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।