ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর আলজাজিরার।
শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী আন্তানানারিভোর জাতীয় স্টেডিয়ামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে। এ ঘটনায় স্টেডিয়ামে উপস্থিত থাকা প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দুঃখ প্রকাশ করেন।
ঘটনার বর্ণনা দিয়ে কর্তৃপক্ষ জানায়, ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী আয়োজন দেখতে স্টেডিয়ামটিতে প্রায় ৫০ হাজার দর্শক এসেছিলেন, যা ধারণক্ষমতার বেশি।
জানা গেছে, ৫০ হাজার ধারণক্ষমতার মহামাসিনা স্টেডিয়ামটি এ দিন দর্শকে পরিপূর্ণ ছিল। ফুটেজে কয়েকজন আহত ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
এর আগে ২০১৮ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল মাদাগাস্কার-সেনেগাল ফুটবল ম্যাচ শুরুর আগে। সে সময় একজন নিহত ও ৪০ জনের মৃত্যু হয়।
উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস চার বছর পর পর অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মাদাগাস্কার, মরিশাস, সেশেলস, মালদ্বীপ ও রিইউনিয়ন অঞ্চল।