আবার আসছেন ‘রঞ্জনা’র অঞ্জন

একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গেলো মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন নন্দিত এই শিল্পী। এবার ঢাকার ‘রঞ্জনা’র জন্য সুখবর হলো আবার আসছেন অঞ্জন।

সংবাদ মাধ্যম অনুযায়ী, কারখানা ও আর্কলাইট ইভেন্টস আয়োজিত ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টে অংশ নিতেই তার এবারের ঢাকা যাত্রা। সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় আসবেন তিনি। বেশ কিছু কারণে তারিখটি এখনই প্রকাশ করতে চাইছেন না আয়োজকরা।

আয়োজকদের কথায়, ‘ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতারা।’

আয়োজনটি নিয়ে সানি বলেন, ‘অঞ্জন দত্ত আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করবো, ভাবতেই আনন্দ লাগছে।’ শিগগিরই এই কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হবে টিকিট ও লোকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য।

এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। যিনি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ গানে বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।

গান, অভিনয় ও নির্মাণ বিভিন্ন ভুবনে নিজেকে প্রমাণ করেছেন অঞ্জন দত্ত। আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন তিনি। বহু সিনেমায় যেমন অভিনয় করেছেন, আবার নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শককে। আর সংগীতশিল্পী অঞ্জন তো এপার-ওপার দুই বাংলাতেই সমান জনপ্রিয়।