ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জাকির হোসেন (৪৫) নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির ওই এলাকার মৃত আবদুস সামাদের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে সোনামুড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বিকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে ঝগড়া হয়। এরই একপর্যায়ে জাকির হোসেনকে তার ছোট দুই ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেন পেটে ছুরিকাঘাত করে। জাকিরকে গুরুতর আহত অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, জায়গা-সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মাঝে বিরোধ চলে আসছিল। ঘটনার পর ছোট দুই ভাই পালিয়ে গেছে। তাদেরকে আটক করতে অভিযান চলছে। লাশ পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।