তানোরে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

রাজশাহীর তানোরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম সুজন আলী। তিনি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি ছিলেন। নিহত সুজন রায়চাঁনআক্কা মহল্লার সাজ্জাদ আলীর ছেলে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া বাজারে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনার পর তিনজনকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, সুজন গোল্লাপাড়া বাজারে ফলের দোকানদারি করতেন। সন্ধ্যায় পাশের দোকানদার আলমগীর হোসেন ও তার ছেলে রায়হান এবং রাকিবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজনের বুকে ছুরিকাঘাত করে তারা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: জাতীয় পরিচয়পত্র সেবা পেতে সীমাহীন বিড়ম্বনা

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই ঘটনায় আলমগীর হোসেন ও তার ছেলে রায়হান এবং রাকিবকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।’

ইত্তেফাক/নূহু