মোহাম্মদপুরে নকশা বহির্ভূত বহুতল ভবনের রাজউকের অভিযান

রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় বসিলা সিটি ডেভেলপার্স প্রজেক্টে রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়াসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।

রবিবার (২৭ আগষ্ট) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) বসিলা এলাকায় রাজউক নকশা ব্যতিরেকে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কয়েকটি নকশা বিহীন ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেই। এছাড়াও কয়েকটি বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলাসহ তিনটি ভবনের মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেয়া হয়। যারা ভবন নির্মাণ পরিকল্পনা করবেন তারা যেনো রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এই বিষয়ে সচেতনতা করা হয়েছে।

স্থানীয়রা জানান, এই এলাকায় আগেও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রাজউকের নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করার জন্য বিভিন্ন ধরনের লিফলেট এবং মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাহ্, ইমারত পরিদর্শক মোসাঃ রুপা খাতুনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।