নওগাঁয় পৃথক ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন

নওগাঁয় পৃথক ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি দুই আসামিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন ।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা কাজল মালি এবং পোরশা উপজেলার গোবরাকুড়ি গ্রামের ওসমানের ছেলে হ্যাপি। রায়ের সময় কাজল মালি উপস্থিত থাকলেও হ্যাপি না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দুই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জানুয়ারি পোরশা উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে নানির বাড়ি যাওয়ার পথে আমবাগানে নিয়ে ধর্ষণ করা হয়। মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মেয়েটিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। পরবর্তী সময় ছাত্রীর নানা পোরশা থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত কর্মকর্তা হ্যাপির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অন্যদিকে ২০২০ সালের ২৭ মার্চ পত্নীতলা উপজেলার এক প্রতিবন্ধী নারীকে কাশিপুর গ্রামের কাজল মালি ধর্ষণ করে। পরে ১ এপ্রিল প্রতিবন্ধী ঐ নারীর স্বামী পত্নীতলা থানায় এজাহার দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।