ফুটপাতে জন্ম নেওয়া নবজাতকের ঠাঁই হলো ছোটমনি নিবাসে

পিরোজপুরের ভান্ডারিয়ায় ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীর প্রসব করা নবজাতকে ছোটমনি নিবাসে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভান্ডারিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের যৌথ উদ্যোগে মাকেসহ নবজাতকে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত বরিশালের গৈলা আগৈলঝাড়া উপজেলায় ছোটমনি নিবাস পাঠানো হয়।

এর আগে রোববার (২৭ আগস্ট) ভান্ডারিয়া পৌরশহরের ওভারবিজ্র লাগোয়া ফুটপাতে ওই নারী একটি পুত্রসন্তান প্রসব করেন।                      

স্থানীয় ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ওই নারী ভান্ডারিয়া পৌরশহেরর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতেন এবং আশপাশের দোকান ও পথচারীদের কাছ থেকে চেয়ে খাবার খেতেন। রোববার প্রসববেদনা ওঠার পরপরই ওভারবিজের ফুটপাতে একটি পুত্রসন্তানের প্রসব করেন। এ সময় কয়েকজন নারী এ অবস্থা দেখে পেয়ে তাৎক্ষণিক নবজাতক ও মাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের যৌথ উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ছোটমনি নিবাস পাঠানো হয় তাদের।

এ বিষয় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা জানান,রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওই নবজাতককে ছোটমনি নিবাস পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষথেকে তার খোঁজখবর রাখা হবে।