মৌলভীবাজারের চা বাগান থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের চা বাগান থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সোমবার (২৮ আগস্ট) ভোরে কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার ফুলবাড়ি চা বাগানের মসজিদের পুকুরের পাশে অজগর সাপটি দেখা যায়। খাবারের সন্ধানে সাপটি লোকালয় চলে এসেছে। পরে লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগান থেকে মোবাইল ফোনে জানানো হয় যে একটি অজগর সাপ মসজিদের পাশে আছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও প্লামপ্লরিস ইভির ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে সেটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। সাপটি সুস্থ থাকায় সোমবার সকাল ৭টার দিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

20230828_184030

চঞ্চল গোয়ালা বলেন, খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়েছে। পরে সোমবার সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যেই বনকর্মীদের নিয়ে অজগরটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করি। এটি প্রায় ১০ ফুট লম্বা ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে সকাল ৭টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।