নির্মাণে ফিরলেন লেখক সাদাত হোসাইন

দেশের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন লেখালেখির পাশাপাশি নির্মাতা হিসেবে নাম লিখিয়েছেন বেশ কয়েক বছর আগেই। ২০১৯ সালে ‘গহীনের গান’ নামে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন। প্রায় চার বছর বিরতির পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রৌদ্রময়ী’র মাধ্যমে আবার নির্মাণে ফিরলেন সাদাত। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানালেন নির্মাতা।

নির্মাণে এতদিনের বিরতির কারণ প্রসঙ্গে লেখক বলেন, ‘“গহীনের গান” নির্মাণের পর নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কারণ, আমার প্রথম পছন্দ গল্প ও উপন্যাস লেখা। এর বাইরে সময় করে পরিচালনা করি। অনেক দিন পর এবার নির্মাণের সময়টা বের করতে পেরেছি। ফলে কাজটি করলাম।’

‘রৌদ্রময়ী’ নিয়ে সাদাত হোসাইন ইত্তেফাক অনলাইনকে বলেন, “চলচ্চিত্রটিতে একজন হতাশ ও বিষাদগ্রস্ত তরুণের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। যিনি নিজের ইচ্ছের বিরুদ্ধে কেবল বাবা-মায়ের স্বপ্ন পূরণে জন্য মেডিক্যালে পড়তে বাধ্য হন। কিন্তু এটি তাকে ভয়ানক ব্যর্থ একজন মানুষে পরিণত করে।

যা তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলে। প্রবল হতাশায় শেষ অবধি আত্মহননের সিদ্ধান্ত বেছেন নেন তিনি। কিন্তু সেখান থেকে কী করে আবার একটি সুস্থ স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসেন, সেই অনুপ্রেরণার গল্পই ‘রৌদ্রময়ী’।”

নির্মাতা আরো জানান, সিনেমাটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। এরপর প্রজন্ম ওয়েভের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 

কানিজ ফাতেমা কনিকার লেখায় ‘রৌদ্রময়ী’র গল্পটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। এছাড়া এতে সাদাতের লেখা এবং বেলাল খানের সুর ও কণ্ঠে ‘যখন রোদের দিনে রাত নামে’ শিরোনামে একটি গানও আছে। 

‘রৌদ্রময়ী’তে মূল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। ছাড়াও রয়েছেন মাঈন হাসান, অশোক বেপারি, আশা মজিদ রোজি, কাশপ্রিয়া প্রমুখ।

২০১৬ সালে নির্মিত নির্বাক চলচ্চিত্র ‘দ্য শ্যুজ’-এর জন্য সাদাত হোসাইন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছিলেন।