পদ্ম মায়ের সাথে শুটিং এ যাচ্ছে: পরীমণি

বেশ অনেকদিনই নিজের কাজের জগৎ থেকে দূরে ছিলেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। ক’দিন আগে বেশ ঘটা করেই পালন করলেন সন্তানের প্রথম জন্মদিন। এরপর হাসপাতালে ভর্তিও ছিলেন পরী।  তবে বুধবার (৩০ আগস্ট) থেকে আবারও শুটিংয়ে ফিরলেন তিনি। 

সম্প্রতি পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে ছেলে পদ্মর সঙ্গে একটি ছবি ও ভিডিও আপলোড করেছেন। ক্যাপশনে লেখেন, ‘সে (পদ্ম) মায়ের সাথে শুটিং এ যাচ্ছে!’ শেষে ভালোবাসার একটি ইমোজি জুড়ে দেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে পরী ও ছেলে রাজ্যকে অনেক ভালোবাসা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে পরীমণি বলেন, ‘একটু আগে কাজ শুরু করলাম। বিষয়টি নিয়ে এখনি বিস্তারিত বলতে চাই না। একটা চমক রয়েছে।’

আগামী ৭ই সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। ওয়েব ফিল্মটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে সম্প্রতি প্রকাশ হওয়া ওয়েব ফিল্মটির ট্রেলারে।