বিরামপুরে এক ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই ভুয়া ডিবি পুলিশকে হ্যান্ডকাপসহ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে বিরামপুরে বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। ২৯ বিজিবি'র কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো. শরিফ উল্লাহ আবেদ ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী দুই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার সাদির আহমদ জানান, বিরামপুর বিজিবি ক্যাম্পের অদূরে মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামকে জোর করে দুই যুবক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাইফুলের চিৎকারে স্থানীয়রা জড়ো হলে ওই দুই যুবক হ্যান্ডকাপ উঁচিয়ে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়। সড়কে জটলা দেখে টহলরত বিজিবি সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
আরও পড়ুন: উইন্ডিজদের ২৬৯ রানের লক্ষ্য দিল ভারত
আটককৃতরা হল জয়পুরহাট সদরের আমদই গোপালপুর গ্রামের নূর নবীর পুত্র মাসুদ রানা (৩০) ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইদরগাড়া গ্রামের হাফিজুলের পুত্র মনজুর আলম (২৫)। ক্যাম্পে এসে তারা ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করছিল বলে স্বীকার করে।
ইত্তেফাক/জেডএইচডি